
ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর চালানো ‘গণহত্যা’ স্বচক্ষে দেখতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
এসময় জেলেনস্কি বলেন, যখনই সুযোগ পাওয়া যাবে তখনই তাকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন সফরে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি এসে দেখবেন এবং আমি নিশ্চিত তিনি তখন বুঝতে পারবেন।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট বাইডেনের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করতে অনিচ্ছুক ম্যাক্রোঁর মতে, বাগাড়ম্বর এই উক্তির কারণে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।
আর তাই ইউক্রেন ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে জো বাইডেনের আরও সতর্ক হওয়া উচিত বলেও জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ।


