
রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সোহেল রানা, নুরনবী ও আনিস নামে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
এসময় গ্রেফতারকৃতদের থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার বিকালে মতিঝিলের দক্ষিণ কমলাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আফসার উদ্দিন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর অনিক নাস্তার ঘরের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ সোহেল, নুরনবী ও আনিছকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।



