
ইউক্রেনের বন্দর নগরী মারিওপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সেনাদের প্রশংসা করেছেন তিনি।
ইউক্রেনে আগ্রাসন শুরুর আট সপ্তাহের মাথায় মারিউপোলই হবে রাশিয়ার দখল করা সবচেয়ে বড় শহর। অনেক সামরিক বিশ্লেষকের মতে এই আগ্রাসন ধারণার চেয়ে বেশি সময় ধরে চলছে। রুশ আগ্রাসনে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে ৫০ লাখের বেশি মানুষ।
একই সঙ্গে এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, গতকাল বেসামরিক লোকজনকে বহনকারী চারটি বাস মানবিক করিডর ব্যবহার করে শহর ত্যাগ করেছে।
বৃহস্পতিবারও নারী, শিশু এবং বয়স্কদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আটকে পড়া সেনা ও বেসামরিকদের সরে যাওয়ার বিনিময়ে রুশ বন্দিদের মুক্তির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া এই প্রস্তাবে সাড়া দিয়েছে কিনা তা জানা যায়নি।



