
রাশিয়া সেনাদের মোকাবেলায় ইউক্রেনকে আরও ১৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ সহায়তা প্যাকেজের মধ্যে ৮০ কোটি ডলারের অস্ত্র ও দেশটির সরকার পরিচালনার জন্য ৫০ কোটি ডলার নগদ অর্থ রয়েছে।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির ট্রেজারি বিভাগের মন্ত্রী জ্যানেট ইয়েল্লেন আলাদা আলাদা ঘোষণা দেন।
হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ইউক্রেনে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেন বাইডেন। তিনি বলেন, এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে ভারী অস্ত্রশস্ত্র, ১ লাখ ৪৪ হাজার রাউন্ড গোলাবারুদ ও বেশ কিছু ট্যাকটিক্যাল ড্রোন।
একই দিনে মার্কিন ট্রেজারিমন্ত্রী জ্যানেট ইয়েল্লেনের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মাইহাল ও অর্থমন্ত্রী সেরহি মারশেঙ্কো। এসময় ইউক্রেনকে আরও ৫০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রেজারিমন্ত্রী।
২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত বৃহস্পতিবার গড়িয়েছে ৫৬ তম দিনে। এই ১৩০ কোটি ডলারের সহায়তা ছাড়াও বাইডেন ক্ষমতায় আসার পর থেকে উইক্রেনকে এ পর্যন্ত ৪০০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।



