ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে আবারও সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ হয়ে গেছে। দেশটির সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র শুধু বিদ্যমান পরিস্থিতি বজায় রাখছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত। তবে এই মুহূর্তে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি।

বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তাদের কথা হয়েছে। তিনি আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

তবে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। তিনি যুক্তরাষ্ট্রকে কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। তিনি চলমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন। পেজেশকিয়ান বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও ব্যাপক প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হয়।

এর জবাবে ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল মার্কিন সামরিক স্থাপনা।