দীপাবলি উপলক্ষে কর্মীদের কেউ দেন অতিরিক্ত এক মাসের বেতন, কেউ দেন মিষ্টি কিংবা শুকনো ফলের প্যাকেট। তবে ভারতের গুজরাটের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী এবার কর্মীদের জন্য ব্যতিক্রমী উপহারের ব্যবস্থা করেছেন। নিজের প্রতিষ্ঠানের ২০ কর্মচারীকে দীপাবলির উপহার হিসেবে এক লাখ রুপির বেশি করে নগদ অর্থ দিয়েছেন তিনি।

ওই ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। কর্মীদের এমন উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুধু টাকার অঙ্কই নয়, উপহার দেওয়ার আয়োজনেও ছিল ভিন্নতা। সাধারণত খামে ভরে কিংবা সরাসরি ব্যাংক হিসাবে বোনাস দেওয়া হয়। তবে মুন্ডে কর্মীদের জন্য রুপালি রঙের বিশেষ পূজার থালায় নতুন টাকার বান্ডিল সাজিয়ে রাখেন।

১০ থেকে ৫০০ রুপির বিভিন্ন মূল্যমানের নোট দিয়ে সাজানো হয়েছিল থালাগুলো। আরেকটি বিশেষ দিক ছিল, কর্মীদের হাতে এসব উপহারের থালা তুলে দেন তাদের স্ত্রীরা। ফলে বোনাস দেওয়ার আয়োজনটি হয়ে ওঠে পারিবারিক আনন্দ ও আবেগের এক বিশেষ মুহূর্ত।

অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কর্মীরা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ আনন্দে আপ্লুত হয়েছেন, আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। কর্মীদের এমন আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ীর প্রশংসা করছেন অনেকে। কর্মীদের প্রতি তার উদারতার প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ মজা করে জানতে চেয়েছেন, তার প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে কী করতে হবে।

অনেকের মতে, উৎসব উপলক্ষে প্রচলিত উপহারের বাইরে গিয়ে কর্মীদের জন্য এমন আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ববোধ ও আন্তরিকতার প্রকাশ ঘটেছে।