ইরানের সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানান তিনি। পোস্টে মোহসেন রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করে তুলেছে। তবে ওয়াশিংটন এখনো মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।

তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের এখন সংঘাত থেকে সরে আসার সময় হয়েছে। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো এবং পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা অস্বীকার করা বন্ধ করতে হবে। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, যুক্তরাষ্ট্রের উচিত সেগুলো মেনে নেওয়া।

এর আগে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। দেশটির সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত। তবে আপাতত নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি।