মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনা করে এ সতর্কতা দেওয়া হয়েছে।

দেশগুলো হলো—ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশগুলো এখনো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল-৪’-এর আওতায় রয়েছে। এ সতর্কতার অর্থ হলো, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

পররাষ্ট্র দপ্তর জানায়, সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশকে বিপজ্জনক উল্লেখ করে নাগরিকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।

উল্লেখ্য, ‘লেভেল-৪’ হলো যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক নির্দেশনার সর্বোচ্চ সতর্কতামূলক স্তর। এ সতর্কতা জারি করা হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।