
আগফানিস্তানের কুন্দুজ শহরের একটি সুন্নি মসজিদে জুম্মার নামাজের সময় চালার বোমা হামলায় অন্তত ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৪৩ জন। যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। শুক্রবারে চালানো এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
প্রতিবেদনে বলা হয়, মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে জড়ো হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। এখনো সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদসহ বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। একই দিনে কুন্দুজে আরেকটি হামলায় নিহত হন ৪ জন এবং আহত হন ১৮ জন।
পুলিশ প্রশাসন জানিয়েছে, দুই হামলার ঘটনা খতিয়ে দেখছে তারা।



