তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে পড়লে এর সঙ্গে থাকা সরঞ্জাম নিচে থাকা চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।
ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক। প্রতিষ্ঠানটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী কারখানা।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানায় নতুন বয়লার সরানোর জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছিল। এ সময় হঠাৎ ক্রেনটি ভেঙে পড়ে। এতে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায় এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকের ধারণা হয়েছিল, ভূমিকম্প হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
প্রথমে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। দেশটির কর্মক্ষেত্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট পর্যবেক্ষক সংস্থাগুলো।








