ভারতের বিহারের প্রভাবশালী নেতা অনন্ত সিংয়ের মেয়ের বিয়েকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। আগামী ২৫ নভেম্বর মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাডমায় বসবে তার মেয়ে শিবাঙ্গী সিং ও ঋষিকেশ কুমারের বিয়ের আসর। এ উপলক্ষে প্রায় চার লাখ অতিথির থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
‘ছোট সরকার’ নামে পরিচিত অনন্ত সিং সম্প্রতি নানা বিতর্কিত বক্তব্যের কারণে আলোচনায় এসেছিলেন। এবার মেয়ের বিয়ের বিশাল আয়োজনের কারণে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
বিয়ের আয়োজন ঘিরে লাডমায় চলছে ব্যাপক প্রস্তুতি। বর-কনের শুভদৃষ্টি ও জয়মালার জন্য তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন মণ্ডপ ও মঞ্চ। উত্তরপ্রদেশের মৌ থেকে আসা একদল দক্ষ কারিগর এসব নির্মাণ ও সাজসজ্জার দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়ের মধ্যে মণ্ডপ তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
ভিভিআইপি অতিথিদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা মণ্ডপ। বর-কনের বসার জন্য নির্মাণ করা হচ্ছে ১০০ ফুট লম্বা বিশেষ সিমেন্টের মঞ্চ। শিবাঙ্গী সিং ও ঋষিকেশ কুমারের জন্য তৈরি এই মঞ্চ সাজাতে ব্যবহার করা হচ্ছে বিপুল পরিমাণ অলংকার ও সাজসজ্জার সামগ্রী।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শিবাঙ্গীকে নিয়ে যাওয়া হবে বিহতার রামকৃষ্ণ নগরে। সেখানে তার নতুন ঠিকানা তৈরি করা হচ্ছে। বিয়ের আগে ও পরের বিভিন্ন অনুষ্ঠানও ওই বাড়িতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখান থেকেই বরযাত্রীর দল মোকামার লাডমা গ্রামে যাবে। সেখানেই সম্পন্ন হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
রাজনীতি ও বিনোদন জগতের বহু প্রভাবশালী ব্যক্তিকে এ বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। বলিউডের তিন ডজনের বেশি তারকা অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে জানা গেছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সোনু সুদ, মনোজ তিওয়ারী, মৈথিলী ঠাকুর, অক্ষরা সিং ও পবন সিংয়ের মতো পরিচিত মুখ।
অনন্ত সিং জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিহারসহ ভারতের বিভিন্ন অঞ্চল এবং পাকিস্তান থেকেও অতিথিরা আসবেন। সরকারি দল ও বিরোধী দলের রাজনীতিবিদদের পাশাপাশি শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে মেয়ের বিয়ের আনন্দ-আয়োজনের পরপরই আইনি জটিলতার মুখে পড়তে পারেন অনন্ত সিং। দুলাল চাঁদ যাদব হত্যা মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী, বিয়ের ছয় দিন পর তাকে আত্মসমর্পণ করতে হতে পারে। গত বছরের অক্টোবরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পান। তবে ভারতের সুপ্রিম কোর্ট তাকে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
এর আগে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নির্দেশে নয়জনকে হত্যার দাবি করে বিতর্কের জন্ম দিয়েছিলেন অনন্ত সিং। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, লালু যাদবের সরকারের সময় তার নয়জন সহযোগীকে হত্যা করা হয়েছিল এবং তাকেও গুলি করা হয়েছিল। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনার পর অনন্ত সিংয়ের বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখে জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়।








