ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নাও হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধ বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা কার্যকর হচ্ছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসেই এটি সবচেয়ে বড় নৌ অবরোধ। এই অবরোধের কারণে ইরানে কোনো কিছু প্রবেশ করতে পারছে না এবং এর প্রভাব দেশটির ওপর ভয়াবহভাবে পড়ছে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই মুহূর্তে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও দাবি করেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ হয়ে গেছে। নৌ অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তবে ভবিষ্যতে কী ঘটবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও সামরিক অভিযানে ফিরতে হলে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ না হলেও স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট সময়ে হরমুজ প্রণালি দিয়ে ১৭০টি জাহাজ বাইরে গেছে এবং ১৫৫টি জাহাজ প্রবেশ করেছে। সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ৬৫ শতাংশ কম।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ জাহাজ তাদের ট্রান্সপন্ডার চালু রেখে ইরানের উত্তর দিকের রুট ব্যবহার করছে। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও জানিয়েছে, স্বাধীনভাবে সংগৃহীত তথ্য অনুযায়ী, প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা এক অঙ্ক থেকে দুই অঙ্কের মধ্যে রয়েছে।

অন্যদিকে, মার্কিন নৌবাহিনীর জাহাজ চলাচল সমন্বয়সংক্রান্ত তথ্য অনুযায়ী, ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রণালিটি অতিক্রম করেছে। তবে এসব তথ্যের সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয় বলে সতর্ক করেছে ইউকেএমটিও।