ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ এবং তার স্ত্রী আনা কোনিদালা বিয়ের ১৩ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে পবন কল্যাণ ও আনা কোনিদালা জানান, দাম্পত্য জীবনের অবসান ঘটলেও তারা পরস্পরের ভালো বন্ধু হিসেবে থাকবেন। পাশাপাশি সন্তানদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। সন্তানদের সুখ ও কল্যাণই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে থাকবে।
ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন তারা। একই সঙ্গে দীর্ঘ পথচলায় পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই বিচ্ছেদের মধ্য দিয়ে পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনেরও অবসান ঘটল। এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। তবে দুই বছর পর তাদের বিচ্ছেদ হয়।
পরবর্তী সময়ে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে সেই সংসারও ভেঙে যায়।
এরপর ২০১৩ সালে রাশিয়ান বংশোদ্ভূত আনা কোনিদালাকে বিয়ে করেন পবন কল্যাণ। এই দম্পতির দুই সন্তান রয়েছে। তাদের নাম পোলেনা আঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ।
১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় পবন কল্যাণের। তিনি অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। বড় ভাই চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির যুব শাখা যুবরাজ্যমের সভাপতি হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। পরে জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন।
২০১৯ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন পবন। তবে পরবর্তী নির্বাচনে বিজেপি ও তেলুগু দেশম পার্টির (টিডিপি) সঙ্গে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করা সব আসনে জয় পায়। পরে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।









