
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া যুদ্ধজাহাজ ‘মস্কভা’ ডুবে যাওয়ার পর প্রথমবারের মতো ক্ষয়ক্ষতির বিষয়ে মুখ খুলেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় একজন নাবিক নিহত ও ২৭ জন নিখোঁজ হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১৪ এপ্রিল মিসাইল ক্রুজার মস্কভা ডুবে যায়। বাকি ৩৯৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের হামলার বিষয় স্বীকার করেনি মস্কো।
রাশিয়া দাবী, গোলাবারুদের মজুতে বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর মস্কভাকে বন্দরে টেনে নেওয়া হচ্ছিল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নৌযানটি মেরামতের জন্য কৃষ্ণ সাগর তীরের বন্দরে নেয়ার সময় ডুবে যায়।
তবে ইউক্রেনের দাবি, মস্কভায় তারা জাহাজবিধ্বংসী দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মস্কভা থেকে রক্ষা পাওয়া বেশিরভাগ অফিসার, মিডশিপম্যান ও নাবিক কৃষ্ণসাগরে অভিযানের কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাদের মধ্যে বেশ কিছু কর্মী নৌবহরের অন্যান্য জাহাজে অবস্থান করবেন এবং অভিযান চালিয়ে যাবেন।


