
আফ্রিকার দেশ নাইজেরিয়ার নদী রাজ্যে অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে অন্তত শতাধিক অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তা ও পরিবেশবাদী গ্রুপ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় জ্বালানি-সম্পদ বিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বলেছেন, একটি অবৈধ তেল শোধনাগার স্থাপনায় আগুন লাগে। এতে ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন। পুড়ে যাওয়ায় তাদের অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ঝুঁকি থাকা সত্ত্বেও দেশটিতে বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে অবৈধ তেল শোধন করা আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এই প্রক্রিয়ায় প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করা হয় ও পরে অস্থায়ী ট্যাংকে পরিশোধিত হয়।
জানা গেছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অবৈধ তেল কেনার জন্য লাইনে থাকা অনেক গাড়ি পুড়ে গেছে।
দক্ষিণ নাইজেরিয়ার আশেপাশে বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। তরুণরা জানে যে এটি বিপজ্জনক, কিন্তু দারিদ্র্যের কারণে, তারা এসব অবৈধ শোধনাগারে কাজ করছে। আল-জাজিরা।
এদিকে, দুর্ঘটনার পর থেকে পলাতক শোধনাগারের মালিক। তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।


