
জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোইতে পর্যটকবাহী নৌকা ডুবে শিশুসহ ২৬ জন নিখোঁজের পর ৭ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে শিরেকাটো উপদ্বীপের কাছ থেকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাদের সন্ধান পায়।
এদের মধ্যে ৪ জনকে অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তবে তারা জীবিত আছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি দেশটির কোস্টগার্ড।
উত্তাল সাগরে জাহাজটি ডুবে যাওয়ার পরে ছয়টি টহল জাহাজ ও চারটি বিমান কয়েক ঘণ্টা অনুসন্ধান চালায়। তবে জাহাজটি থেকে ‘ডিস্ট্রেস কল’ পাঠানোর প্রায় নয় ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
শনিবার দেশটির হোক্কাইডোতে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি ডুবে যাওয়ার সময় সাহায্য চেয়ে ‘ডিস্ট্রেস কল’ পাঠানোর তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা যায়নি।
জাপানি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই জাহাজে থাকা ক্রুরা জানিয়েছিল যে, সকল যাত্রীরা লাইফ জ্যাকেট পরা ছিল। জাহাজটিতে দুই শিশুসহ ২৪ যাত্রী ও দুজন ক্রু ছিলেন।


