
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বা চূড়ান্ত দফা ভোটগ্রহণ আজ। রান অফে মুখোমুখি বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কট্টর ডানপন্থী মেরিন লে পেন। স্থানীয় সময় রোববার (২৪ এপ্রিল) সকাল ৮টায় শুরু হবে ভোট নেয়া, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
প্যারিসসহ কয়েকটি বড় শহরে ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফরাসিরা আগাম ভোট দিয়েছেন শনিবার।
সোমবার সকাল নাগাদ প্রকাশ হতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ফল। যদি ম্যাক্রোঁ জয়ী হন তা হলে তা হবে গত ২০ বছরের মধ্যে প্রথম দ্বিতীয় মেয়াদে কোনো প্রেসিডেন্টের জয়। আর মেরি লে পেন বিজয়ী হলে নির্বাচিত হবেন প্রথম নারী প্রেসিডেন্ট।
প্রথম দফায় গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটে ম্যাক্রোঁ পেয়েছেন ২৭ দশমিক ৩৫ শতাংশ, লে পেন পেয়েছেন ২৩ দশমিক ৯৭ শতাংশ। আরেক প্রার্থী জ্য-লুক মিনশঁ পেয়েছেন ২১ দশমিক ৭ শতাংশ ভোট। প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়েন ১২ জন। তাঁদের মধ্যে চারজন নারী, আটজন পুরুষ। স্থানীয় সময় ১০ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নিয়ম অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন। এই চূড়ান্ত নির্বাচনে কে জয়ী হবেন তা নির্ধারণ করছে ভোটারদের উপর।
২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন এমানুয়েল ম্যাক্রোঁ।


