
ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধের আহ্ববানে চলতি সপ্তাহে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবে জাতিসংঘ প্রধান। তার আগে মস্কো সফরে যাবেন তিনি।
তবে জাতিসংঘ মহাসচিবের মস্কো সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি।
শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, প্রথমে রাশিয়া এবং তারপর ইউক্রেনে আসার সিদ্ধান্ত নেওয়াটা ভুল। জাতিসংঘ প্রধানের এই কাজে কোনো ন্যায়বিচার এবং যুক্তি নেই।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য মতে, আগামী মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখান থেকে আগামী বৃহস্পতিবার যাবেন কিয়েভে।
কিয়েভ যাওয়ার আগে আন্তোনিও গুতেরেসের মস্কো সফরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভলোদিমির জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সরব ভূমিকা পালন করছে জাতিসংঘ। যুদ্ধ থামাতে দু’পক্ষের সঙ্গে আলোচনায় বসতে অ্যান্তনিও গুতেরেস চলতি সপ্তাহে একটি চিঠি পাঠিয়েছিলেন।



