
১১৯ বছর বয়সে জীবন প্রদীপ থেমে গেল বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি পাওয়া জাপানের নারী কানে তানাকা’র। সোমবার জাপানের স্থানীয় কর্মকর্তারা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
কানে তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা অঞ্চলে জন্মগ্রহণ করেন।
জাপানিজ এ নারী যে বছর জন্মগ্রহণ করেন, সেই বছর রাইট ব্রাদার্স প্রথমবারের মতো বিমান উড়িয়েছিলেন ও প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি কুরি।
তানাকা ফুকুওকার একটি নার্সিং হোমে থাকতেন। মারা যাওয়ার আগেও তিনি তুলনামূলক সুস্থ ছিলেন। নার্সিং হোমে বোর্ড গেইম খেলে, গাণিতিক সমস্যার সমাধান, সোডা এবং চকোলেট খেয়েই সময় কাটত তার।
১৯২২ সালে হাইডিও তানাকাকে বিয়ে করেন তিনি। এই দম্পতির ঘরে চার সন্তান আছে। এছাড়াও এক সন্তানকে দত্তক নেন তারা।
গিনেস বুক কর্তৃপক্ষ বলছে, তানাকা’র প্রিয় বিনোদনের ছিল ওথেলোর গেইম। ক্লাসিক বোর্ড গেইমেও বিশেষজ্ঞ হয়ে উঠেন তিনি।
গত ১৯ এপ্রিল (মঙ্গলবার) মারা যান বিশ্বের প্রবীণতম ব্যক্তির খেতাব পাওয়া এই নারী। ফুকুওকার স্থানীয় গভর্নর সেইতারো হাত্তোরি তানাকার জীবনযাপনের প্রশংসা করেছেন।
তরুণ বয়সে নুডলস এবং চালের কেকের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা করেছিলেন তানাকা।


