
চলমান সংঘাত বন্ধের আশায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বসবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাশিয়ার রাজধানী মস্কোতে বসার কথা রয়েছে তাদের।
এরপর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ প্রধান।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, রাশিয়া এখনো আজভস্তাল ইস্পাত কারখানা অবরুদ্ধ করে রেখেছে। সেখানে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোরের নিশ্চয়তার জন্য জাতিসংঘ প্রধানের সহায়তা চেয়েছে ইউক্রেন।
বৃহস্পতিবার ইউক্রেন সফর যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।
সূত্র বলছে, পুতিনের সঙ্গে আন্তোনিও গুতেরেসের এ সাক্ষাৎ থেকে কিছু প্রত্যাশা করার সম্ভাবনা কম। কারণ, এখন পর্যন্ত বিভিন্ন দেশের কূটনেতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।



