
পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায়ে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ঢল নামে। বুধবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কঠোর বিধি-নিষেধের মধ্যে মসজিদ চত্বরে আসেন জেরুজালেম ও আশপাশের মুসল্লিরা।
ফিলিস্তিনের ইসলামিক ইনডোমেন্ট অ্যাফেয়ার্স জানায়, দখলদার সেনাদের কঠোর নজরদারির মধ্যে মসজিদুল আকসায় কদরের রাতে প্রায় দুই লাখ ৫০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
তবে কোনো সংঘাতের ঘটনা হয়নি এদিন। আগে থেকেই সতর্কাবস্থায় ছিল ইসরায়েল। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিলো বিপুল সংখ্যাক সৈন্য। বিশাল এ মসজিদে প্রায় ৩ লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় মসজিদুল আকসার মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ৫৭ জন মুসল্লি আহত হন। রমজানের শুরু থেকেই পবিত্র জেরুজালেম নগরীতে ইসরায়েলি সৈন্যসংখ্যা কয়েক গুণ বাড়ানো হয়।


