
ঈদুল ফিরত উপলক্ষে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী সংগঠনের ১৬৩ বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, মানবিক উদ্যোগের অংশ হিসেবে এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে।
জানা যায়, আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রসের তত্ত্বাবধানে এই যুদ্ধবন্দিদের মুক্তি দেয়া হবে। ইতোমধ্যে তাদের মুক্তিদান বিষয়ক দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়েছে।
জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন,জাতিসংঘের উদ্যোগে গত ২ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই মাসের যুদ্ধবিরতির পদক্ষেপ সংহত করতে কারা বন্দিদের মুক্তির ঘোষণা দেয় সৌদি জোট।
এর আগে ২৫ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে সৌদি জোটের ২০০ যুদ্ধবন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছিল হুথি বিদ্রোহীগোষ্ঠী। তার তিন দিনের মধ্যেই এই হুথি যুদ্ধবন্দিদের মুক্তি দিল সৌদি জোট।
জাতিসংঘের মধ্যস্ততায় এই বন্দি বিনিময়ে পদক্ষেপ নেয়া হয়। ১৪০০ হুথি বন্দির মুক্তির বিনিময়ে ৮২৩ জন জোট বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে। এদের মধ্যে ১৬ জন সৌদি ও তিন জন সুদানের নাগরিকও রয়েছেন।


