

আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেনে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার অংশ হিসেবে ১০০ টি কিলার ড্রোন দেয়া হচ্ছে। মার্কিন প্রশাসনের বড় আকারের সহায়তা প্যাকেজের আওতায় এসব ড্রোন সরবরাহ করা হবে। বৃহস্পতিবার বাইডেন প্রশাসন এই ঘোষণা দিয়েছে। একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
মার্কিন সামরিক সূত্রমতে, ড্রোনটি 'সুইচব্লেড ৩০০' নামে পরিচিত। এটি একটি ব্যাকপ্যাকযুক্ত অস্ত্র, যা মার্কিন বাহিনীর কাছে ‘কামিকাজে ড্রোন’ হিসেবে পরিচিত। ছোট, সহজে বহনযোগ্য, তথাকথিত এই কামাকাজি ড্রোনগুলো নিজেই একটি ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে। এর সামনের অংশে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যস্থলে আঘাত করে এটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ইউক্রেনে যে ধরনের নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে তার মধ্যে আছে ৮০০ স্টিংগার বিমানবিধ্বংসী পদ্ধতি, ১০০ ড্রোন, ২ কোটি রাউন্ডেরও বেশি ছোট অস্ত্রের গুলি এবং গ্রেনেড লঞ্চার ও মর্টারের গোলা, ২৫ হাজার সেট বডি আর্মার, ২৫ হাজার হেলমেট, ১০০ গ্রেনেড লঞ্চার, ৫ হাজার রাইফেল, ১০০০ পিস্তল, ৪০০ মেশিন গান, ৪০০ শটগান, ২০০০ ট্যাংক বিধ্বংসী জেভলিন ক্ষেপণাস্ত্র, ১০০০ হালকা অ্যান্টি-ট্যাঙ্ক গান এবং ৬০০০ এটি-৪ অ্যান্টি-ট্যাঙ্ক সিস্টেম।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি ভার্চ্যুয়াল ভাষণে আরও সাহায্যের জন্য মরিয়া আবেদন জানানোর পর বাইডেন যুদ্ধরত দেশটির জন্য ওই অতিরিক্ত সামরিক সহায়তার ঘোষণা দেন। তবে জেলেনস্কি ‘নো ফ্লাই জোন’ বা যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ জানালেও যুক্তরাষ্ট্র সেই দিকে না গিয়ে এসব অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে।


