.jpeg&w=3840&q=75)

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক রাতে ৬০০ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার (৫ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এদিন রুশ হামলায় ছয় শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, পাশপাশি ৬১ ইউনিট অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
এদিকে ইউক্রেনের কিরোভোহরাদ অঞ্চলের কানাটোভো বিমান ঘাঁটি এবং দক্ষিণের মাইকোলাইভ শহরে একটি বড় গোলাবারুদের ডিপোতেও হামলা চালানো হয়েছে।
এছাড়াও বেশ কিছু সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালাচ্ছে রাশিয়া।
অন্যদিকে আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে ইউক্রেনে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটাই ধারণা পশ্চিমা কর্মকর্তাদের।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের স্মরণে ৯ মে বিজয় দিবস পালন করে রাশিয়া। ১৯৪৫ সালের এদিনেই নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছিল সোভিয়েত ইউনিয়ন।
যদিও মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ মে আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণা বা যুদ্ধ জয়ের ঘোষণা দিচ্ছে না পুতিন প্রশাসন।



