
শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিল পাকিস্তানের সেনাবাহিনী।
বিবৃতিতে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশ্লেষকদের সতর্ক করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর আন্তঃসম্পর্ক বিষয়ক সংস্থা আইএসপিআর রোববার এ বিবৃতি দেয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীকে টানাটানি না করতে এ সতর্কতা দেয়া হয়েছে। বলা হয়েছে অপ্রমাণিত, মানহানিকর ও উস্কানিমূলক এ চর্চা চরম মাত্রায় ক্ষতিকর।
সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর আরও বলেছে, সম্প্রতি দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী ও এর নেতৃত্বকে টেনে আনা তীব্রতর হয়েছে। ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী এই ধরনের বেআইনি এবং অনৈতিক চর্চার বিষয় কড়াভাবে নেয়। আশা করে সবাই আইন মেনে চলবেন।
গতমাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। শাহবাজ শরীফ ক্ষমতায় আসার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিল পাকিস্তানের সেনাবাহিনী।


