
দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের সান্তো দোমিঙ্গা শহরের বেলাভিস্তা কারাগারে দুই প্রতিপক্ষের ভয়াবহ দাঙ্গায় ৪৩ জন মারা গেছেন। সোমবার এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অসংখ্য কারাবন্দি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেন, সংঘর্ষের পর থেকে ১০৮ কারাবন্দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ১১২ জনকে আবারও আটক করা হয়েছে।
বেলাভিস্তা কারাগারে লস লোবোস ও আর-৭ নামের দুই গ্রুপের বন্দিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়। নিহতদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা এটিই প্রথম নয়। মাদক, বিশেষ করে কোকেনের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিয়মিত সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করছে পুলিশ।
এর আগে গত মাসে দেশটির এল তুরি কারাগারে সংঘটিত দাঙ্গায় অন্তত ২০ বন্দি নিহত হয়। আর ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটির বিভিন্ন কারাগারে সংঘটিত দাঙ্গার ঘটনায় নিহত হয়েছে প্রায় ৩৫০ বন্দি।


