
বিক্ষোভকারীদের হামলা থেকে বাঁচতে পরিবারের সদস্যদের নিয়ে শ্রীলঙ্কার ত্রিনকোমালি নৌ-ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা সরকারি বাসভবনের সদর দরজা ভেঙে ফেলার পর সেনাবাহিনীর প্রহরায় পালিয়ে যান তিনি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ভোরের আগে সেখানে অভিযান চালানোর পরে সৈন্যরা সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেন। এর আগে সোমবার সরকারবিরোধী আন্দোলনের তোপে পরে পদত্যাগ করেন ৭৬ বছর বয়সী মাহিন্দা। তবে তাতেও শান্ত হয়নি মানুষের ক্ষোভ।
রাজধানী কলম্বো থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরের এই নৌঘাঁটিও বাইরে থেকে ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা।
দেশটিতে চলমান কারফিউ উপেক্ষা করে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদের অন্তত ৪১ টি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এসব বাড়ির বাইরে রাখা কয়েকশ মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।



