
চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করতে প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্দেশে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান এভ্রিল হাইনেস।
বুধবার (১১ মে) এ বিষয়ে প্রতিবেদনে প্রকাশ করে বিবিসি।
গোয়েন্দা প্রধান বলেন, রুশ প্রেসিডেন্ট এখনও ডনবাসে লক্ষ্য অর্জনের ইচ্ছা পোষণ করছেন। কিন্তু, পুতিন তাঁর উচ্চাকাঙ্ক্ষা ও রাশিয়ার বর্তমান প্রচলিত সামরিক সক্ষমতার মধ্যে মিল খুঁজে পাচ্ছেন না।
তবুও, যুদ্ধ চলতে থাকায় রুশ প্রেসিডেন্ট আরও কঠোর পদ্ধতি অবলম্বনের চেষ্টা করতে পারেন। মস্কো শুধু তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, যদি পুতিন রাশিয়ার অস্তিত্বের প্রতি হুমকি অনুভব করেন।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।


