.png&w=3840&q=75)

অর্থনৈতিক সংকটের জেরে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় টালমাটাল শ্রীলঙ্কায় চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
এক বিবৃতিতে গোতাবায়া বলেছেন, বর্তমান পরস্থিতি নিয়ন্ত্রণের জন্য, দেশকে অরাজক পরিস্থিতি থেকে রক্ষা করতে এবং থমকে যাওয়া সরকারি কার্যক্রম চালিয়ে নিতে আমি একটি নতুন সরকার গঠনের পদক্ষেপ নিচ্ছি।
তিনি বলেন, সংবিধান সংশোধন করে পার্লামেন্টের ক্ষমতা আরও বাড়ানো হবে, যা ১৯তম সংশোধনীর ধারাগুলোকে আরও শক্তিশালী করবে। এতে দেশকে এগিয়ে নিতে যে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারবেন নতুন প্রধানমন্ত্রী।
সোমবার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। এমন টানাপোড়েনের মধ্যেই নতুন করে মন্ত্রিসভা গঠন ও নতুন প্রধানমন্ত্রী নিযুক্তের কথা জানালেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।


