
জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নিজের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন শ্রীলঙ্কা প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকারও করেছেন তিনি।
বুধবার দেশটিতে বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মি. প্রেসিডেন্ট।
ভাষণে তিনি প্রেসিডেন্টের কিছু ক্ষমতা সংসদের কাছে হস্তান্তর করার প্রস্তাব দেন, তবে কবে তা হস্তান্তর করবেন সে বিষয়ে কিছুই জানাননি।
গত সোমবার বিক্ষুদ্ধ জনতার তোপের মুখে পদ থেকে সরে দাঁড়ান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এতেও ক্ষান্ত হয়নি বিক্ষোভকারীরা।
কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা দ্বিতীয় রাতের মত বিক্ষোভ করেছে। তাদের দাবি এখন প্রেসিডেন্টের পদত্যাগ।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশা বলেছেন, তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন, তার উদ্দেশ্য একটা ঐক্যমত্যের সরকার তৈরি করা।
কিন্তু প্রধান বিরোধী রাজনৈতিক দল বলেছে, প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত তারা অন্তর্বর্তীকালীন প্রশাসনের অংশ হবে না।
এদিকে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে কেউ লুটপাট করলে, জীবনের ক্ষতি করলে তাদের গুলি করার।
কারফিউ চলাকালে কলোম্বোতে সাবেক প্রধানমন্ত্রীর ছেলের একটা রিসোর্টে ভাঙচুর করা হয়েছে।
অনেক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে এ পর্যন্ত নয় জন নিহত এবং দুইশ'র বেশি মানুষ আহত হয়েছেন।



