

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
এর আগে সোমবার বিক্ষোভকারীদের তোপে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগে পর স্বয়ংক্রিয়ভাবে ভেঙ্গে যায় শ্রীলংকান মন্ত্রিসভা। এবং দেখা দেয় শ্রীলঙ্কায় প্রশাসনিক শূন্যতা ।
৭৩ বছর বয়সী অভিজ্ঞ এ রাজনীতিবিদ শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা সর্বপ্রথম ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন বিক্রমাসিংহে। এরপর ২০০১ থেকে ২০০৪ সাল, ২০১৫ থেকে ২০১৫ (১০০ দিন), ২০১৫ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি লঙ্কান প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। কিন্তু এর দুই মাস পরেই তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১৯৪৯ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। ১৯৭৭ সালে প্রথমবারের মতো দেশটির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
দেশের অন্যতম রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহের দীর্ঘ অভিজ্ঞতার উপর ভরসা রাখলো শ্রীলঙ্কা।


