

উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যুর তথ্য জানা গেলেও কোভিডে আক্রান্ত হয়ে প্রথম কোনো নাগরিকের মৃত্যুর তথ্যও নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। শুক্রবার (১৩ মে) দেশটিতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গোটা দেশে লাখ লাখ মানুষের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে। জ্বরে আক্রান্ত প্রায় ১ লাখ ৮৭ হাজার ৮০০ জন মানুষকে আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। উপসর্গ রয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে।
করোনাভাইরাস মহামারির প্রায় আড়াই বছরেও নিজ দেশে সংক্রমণের কথা স্বীকার করেনি উত্তর কোরিয়া। বরং শুরু থেকেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। এবার দেশটিতে মহামারি আকারে সংক্রমণ ছড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিয়ংইয়ং।
এর আগে বৃহস্পতিবার (১২ মে) প্রথমবারের মতো আক্রান্ত হিসেবে কোনো ব্যক্তির শনাক্ত হওয়ার খবর দেয় দেশটির কর্তৃপক্ষ । করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় তিনি ‘গুরুতর জরুরি অবস্থা’ ঘোষণা করেন এবং একইসঙ্গে দেশজুড়ে লকডাউন জারি করেন।



