
ভারতের রাজধানী দিল্লির মুন্ডাকা স্টেশনের কাছে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। শুক্রবার আগুন লাগা চারতলা ভবনটিতে বাণিজ্যিক অফিস রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অফিস ভবনের জানালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিতে একটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেন, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
এছাড়া তাৎক্ষণিকভাবে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ ও আহতদের জন্য ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেন মোদি।


