
এবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। শনিবার (১৪ মে) থেকেই দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি রাও (আরএও) নর্ডিক।
রাও নরডিকের দাবী, আগে সরবরাহ করা বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করা হয়নি। মূল্য পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি বলছে, এই পরিস্থিতি ব্যতিক্রমী এবং আমাদের বাণিজ্য ইতিহাসের ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ঘটেছে।
তবে ফিনল্যান্ডের গ্রিড অপারেটর প্রতিষ্ঠান ফিনগ্রিড বলছে, রুশ সরবরাহ বন্ধে দেশটিতে কোনো বিদ্যুৎ ঘাটতি সৃষ্টি হবে না।
এর আগে ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট উত্তেজনায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।



