
নিজেদের বাজার নিয়ন্ত্রণ রাখতে হঠাৎ করেই গম রপ্তানি বন্ধ করে দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত।
শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক ঘোষণায় এ কথা জানিয়েছে। যা অবিলম্বে কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব রপ্তানি চালানের লেটার অব ক্রেডিট (এলসি) বিজ্ঞপ্তির আগে ইস্যু করা হয়েছে, সেগুলো যেতে দেওয়া হবে। এছাড়া সরকার কেবল অন্য দেশের অনুরোধে রপ্তানি অনুমোদন করবে।
তবে বাংলাদেশের জন্য সুখবর হল, নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী ও খাদ্য সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
১২ সপ্তাহ ধরে চলা ইউক্রেন রাশিয়া সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে রীতিমতো আগুন লেগেছে। হু হু করে দাম বেড়েছে গমেরও।
যুদ্ধের কারণে ইউক্রেনের রপ্তানি বন্ধ আর রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে বিশ্বের ক্রেতারা ভারতের গমের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। ভারতের গম রপ্তানিকারকরা জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের বিকল্প হিসেবে অনেক ক্রেতাই তাদের সঙ্গে যোগাযোগ করছেন।



