
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শনিবার (১৪ মে) ফেডারেল সুপ্রিম কাউন্সিল আবুধাবির শাসককে আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে।
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের জন্ম ১৯৬১ সালের ১১ মার্চ।
৬১ বছর বয়সী মোহাম্মদ বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার।
২০০৩ সালের নভেম্বরে তার বাবা শেখ জায়েদ বিন সুলতান তাকে আবুধাবির ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত করেন। ২০০৪ সালে পিতার মৃত্যুর পর আবুধাবির শাসক হন তিনি।
এর আগে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানায়।
এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের জন্ম ১৯৪৮ সালে। তিনি আবুধাবির ১৬তম শাসক ও আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট। তিনি শেখ জায়েদের জ্যেষ্ঠ পুত্র। বাবার উত্তরসূরী হিসেবে ২০০৪ সালের ৩ নভেম্বর প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি।



