
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ রুপ নিয়েছে উত্তর কোরিয়ায়। দিন দিন দীর্ঘায়িত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ৭২ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৬২০ জন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছেন ৪২ জন।
আক্রান্তদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জনকে আইসোলেশন সেবা দেওয়া হচ্ছে। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা কেসিএনএ।
বৃহস্পতিবার (১২ মে) প্রথম করোনা আক্রান্ত হওয়ার কথা জানায় পিয়ংইয়ং। এরপর দেশজুড়ে লকডাউন জারি করে কিম জং উনের প্রশাসন।
শনিবার এরই মধ্যে করোনা মহামারিকে ‘মহাবিপর্যয়’ বলে আখ্যায়িত করেন শীর্ষ নেতা কিম জং উন। এক বিবৃতি তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের দেশে এর আগে এত বড় বিপর্যয় আসেনি।
করোনাভাইরাস মহামারির প্রায় আড়াই বছরেও নিজ দেশে সংক্রমণের কথা স্বীকার করেনি উত্তর কোরিয়া। বরং শুরু থেকেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন।
এমনকি গত বছর দেশটিতে আসা কয়েকটি টিকার চালান ফিরিয়েও দিয়েছে কিম জং উন নেতৃত্বাধীন প্রশাসন।



