
তীব্র তাপদাহের কবলে ভারতের রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা। বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। অন্যদিকে, দক্ষিণ ভারতে ব্যাপক বৃষ্টির পর দেখা দিয়েছে বন্যা। কেরালা রাজ্যের ৫ জেলায় জারি করা হয়েছে রেড এলার্ট।
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৯৬৬ সালের পর তাপমাত্রা ছুঁয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বছরের সবচেয়ে গরম দিন ছিল ভারতের এই রাজ্যটিতে। মুঙ্গেশপুর এবং নাজাফগড়ের দুটি আবহাওয়া কেন্দ্র এদিন দিল্লির বিভিন্ন অংশে ৪৯ দশমিক দুই এবং ৪৯ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।
এদিকে, ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন রাজ্য যখন পুড়ছে তীব্র তাপপ্রবাহে, সেসময় কেরালা শুরু হয়েছে মুষলধারে বর্ষণ। রোববার কেরালা ও লাক্ষাদ্বীপে যথাক্রমে ৫২ দশমিক ২ ও ৫৭ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
ইতোমধ্যে কেরালার ৫ জেলায় ভারি বর্ষণজনিত সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলা হলো— এরনাকুলাম, ইদুক্কি, থ্রিসুর, মালাপ্পুরাম ও কোজিকোড়।



