
ফ্রান্সে তিন দশকের বেশি সময় পর নতুন নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এলিজাবেথ বার্নি। সোমবার (১৬ মে) ফরাসি প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্রাসাদ এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানায়।
৬১ বছর বয়সী এই নারী ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ছিলেন। বর্নি বর্তমান প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।
২০২০ সালে আকস্মিক বাছাই হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ পান জেন ক্যাসটেক্স। তার বিদায়ের ফলে জুনে গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের আগে ম্যাক্রোঁ মন্ত্রিসভায় বদল আনার সুযোগ পেলেন ।
ধারণা করা হচ্ছে,আগামী জুনে ফরাসি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এর আগে বামপন্থী জোট ও কট্টর ডানপন্থীরা মাখোঁর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি একজন নারীকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন।
এর আগে নারী সরকারপ্রধান হিসেবে ফ্রান্সে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। ১৯৯১ সালের মে মাস থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত তিনি স্বল্প সময়ের জন্য এই দায়িত্ব পালন করেন।


