
রাশিয়াতে আর ব্যবসা করবে না ম্যাকডোনাল্ড‘স। দীর্ঘ ৩০ বছর ধরে চলা মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক ফাস্টফুড চেইন রেস্তোরাঁ কোম্পানি এরই মধ্যে প্রতিষ্ঠানটির রেস্তোরাঁগুলো বিক্রির প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
গত মার্চে ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেয় ম্যাকডোনাল্ড‘স। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক ফাস্টফুড চেইন রেস্তোরাঁ কোম্পানিটি। এগুলোতে ৬২ হাজার মানুষ কাজ করে।
ম্যাকডোনাল্ডসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ক্রিস কেম্পজিনস্কি বলেছেন, স্থানীয় এক গ্রাহককে তাদের সব রেস্তোরাঁ বিক্রি করে দেওয়া হচ্ছে। তবে রাশিয়ায় ম্যাকাডোনান্ডসের নাম, ব্রান্ডিং মেন্যু যাতে অন্যরা ব্যবহার না করতে পারে, সেই প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, রেস্টুরেন্ট বিক্রি সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই রেস্টুরেন্ট কর্মীদের বেতন প্রদান করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তারা সম্ভাব্য ক্রেতার সঙ্গে এসব কর্মীর ভবিষ্যতের কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিতের জন্যও কাজ করবে।
১৯৯০ সালে সালে মস্কোতে ব্যবসা শুরু করে ম্যাকডোনাল্ডস। ওই বছরই সোভিয়েত ইউনিয়নে পশ্চিমা ব্র্যান্ডগুলো ব্যবসা করার অনুমোদন পায়।


