
শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে।
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রথমবারের মতো অধিবেশন শুরুর দিনে সংসদ সদস্যদের ভোটাভুটিতে জয় পেলেন গোতাবায়া।
মঙ্গলবার (১৭ মে) পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ১১৯টি ভোট পড়ে। তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন দেয় প্রধান বিরোধীদল সামাগি জানা বেলাওয়েগায়া। তবে এর বিরোধীতা করে ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা ও নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
প্রস্তাবটিকে একটি স্বাভাবিক প্রস্তাব হিসাবে পরে বিতর্কের জন্য নেয়া যেতে পারে বলে জানান মন্ত্রী দীনেশ গুণবর্ধন ।
বর্তমান অর্থনৈতিক সঙ্কটের কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্রমবর্ধমান মতবিরোধকে কারণ দেখিয়ে বিরোধীরা পদক্ষেপটি নেয়। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর থেকে দ্বীপ দেশটি সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। যার ফলে জ্বালানি, খাদ্য এবং ওষুধের ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে।
সংসদীয় প্রস্তাবে রাজাপাকসেকে অসময়ে কর কমানোর এবং রাসায়নিক সার ব্যবহার নিষিদ্ধ করার মাধ্যমে অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী বলে অভিযুক্ত করা হয়েছিল। দাবি করা হয়, এর ফলে ফসল নষ্ট হয়েছিল।
বিরোধীদলীয় সদস্য মুজিবর রহমান বলেন, জরুরি ভিত্তিতে প্রস্তাবটি পাস করার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্টের প্রতি সংসদের আস্থা নেই।



