
ইউক্রেন রাশিয়া চলমান সংঘাতের কারণে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপি ভয়াবহ খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
বুধবার নিউইয়র্কে খাদ্য নিরাপত্তা বিষয়ক ‘গ্লোবাল ফুড সিকিউরিটি কল টু অ্যাকশনে’র বৈঠকে জাতিসংঘ প্রধান বলেন, যুদ্ধ শুরুর আগের মাত্রায় রফতানি ফের শুরু করতে না পারে তাহলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে আর সেই দুর্ভিক্ষ কয়েক বছর চলবে। এ খাদ্য সংকট মোকাবেলায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে চেয়েছে বিশ্বব্যাংক।
মহাসচিব বলেন, টানা দুবছর করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনসহ চলমান ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ৭ কোটি ৬০ লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে যা আগের তুলনায় দ্বিগুণ।
রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেন সূর্যমুখী তেল, ভুট্টা ও গমের মতো পণ্য রফতানি করতে পারছে না। ফলে পণ্যগুলোর দাম বেড়েছে। জাতিসংঘের মতে, এ সংঘাতের ফলে অপুষ্টি, ক্ষুধা ও খাদ্য নিরাপত্তাহীনতায় লাখ লাখ মানুষ ভুগতে পারে।



