
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একটি সামরিক সূত্রের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা একটি আগ্রাসন চালিয়েছে। যার ফলে তিনজন নিহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ৩ জন সামরিক কর্মকর্তা ছাড়াও বিমানের ৪ জন ক্রু এ হামলায় আহত হয়েছে।
সংস্থাটি আরও জানায়, হামলাটি সিরিয়ার বিমানবন্দরের খুব কাছে ইরানি গোলাবারুদের ডিপোগুলোকে লক্ষ্য করে করা হয়েছে এবং সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।
এর আগে সর্বশেষ ১৩ মে ইসরায়েল সিরিয়ায় হামলা চালায় যেখানে ৫ জন নিহত হয়। যদিও ইসরায়েল তাদের হামলার বিষয়ে খুব কম মন্তব্য করে কিন্তু তারা এ পর্যন্ত সিরিয়ায় চালানো শত শত হামলার কথা স্বীকার করেছে।



