
তীব্র অর্থনৈতিক সংকটাপন্ন শ্রীলঙ্কায় ফুরিয়ে গেছে পেট্রোল, জরুরি আমদানিতে অর্থায়নের জন্য নেই ডলারও। এরইমধ্যে জ্বালানি সংকটে দেশের সকল স্কুল বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ। অফিসে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের।
২০ মে (শুক্রবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ।
প্রতিবেদনে আরও বলা হয়, পেট্রলসহ অন্য জ্বালানির ক্রমবর্ধমান ঘাটতির মুখে শ্রীলঙ্কার সরকারি এবং সরকার অনুমোদিত বেসরকারি স্কুলগুলোও শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। স্কুল-অফিস পুনরায় কবে খোলা হবে, সে বিষয়েও কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এ দিকে শ্রীলঙ্কায় আরও ৯ জন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নতুন নিয়োগ পাওয়া নয় জন মন্ত্রীই শপথ নিয়েছেন শুক্রবার । এতে করে আগের মন্ত্রিসভার পদত্যাগের পর সরকারকে স্থিতিশীল করার চেষ্টার অংশ হিসেবে নিয়োগ করা নতুন মন্ত্রীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন।
৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কা ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হয়ে পড়েছে।


