
শ্রীলঙ্কায় আরও নয়জন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
শুক্রবার (২০ মে) তাদের নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সামনে শপথ নেন তারা।
এতে করে আগের মন্ত্রিসভার পদত্যাগের পর সরকারকে স্থিতিশীল করার চেষ্টার অংশ হিসেবে নিয়োগ করা নতুন মন্ত্রীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
নিমল সিরিপালা ডি সিলভা দেশটির বন্দর, নৌ ও বিমানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। সুশীল প্রেমজয়ন্তা শিক্ষামন্ত্রী হিসেবে এবং কেহেলিয়া রামবুকওয়েলা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। উইজেয়াদাসা রাজাপাকসেকে বিচার, কারাবিষয়ক, সাংবিধানিক সংস্কারমন্ত্রী, হারিন ফার্নান্দোকে পর্যটন ও ভূমিমন্ত্রী, রমেশ পাথিরানাকে প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রিমন্ত্রী, মানুশা নানায়াক্কারা শ্রম ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, নলিন ফার্নান্দোকে বাণিজ্যমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তাবিষয়ক মন্ত্রী তিরান অ্যালেসকে জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, নতুন মন্ত্রীদের মধ্যে চারজন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনজন ক্ষমতাসীন দলের এবং বাকি দু`জন প্রধান বিরোধী দলের সদস্য।
১২ মে শপথের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হন রনিল বিক্রমাসিংহে। সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তার শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির সরকারি ভবনে শপথ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী ছিলেন মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভের মুখে তিনি ক্ষমতা হারান। রাজাপাকসে চতুর্থবারের মতো সেদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০২০ সালের ৯ আগস্ট।



