
বিশ্বের বিভিন্ন দেশে ‘মাঙ্কিপক্স ‘ নামের বিরল একটি ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়তে শুরু করেছে। এখন পর্যন্ত বিশ্বে ১০০ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্তের কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ১১টি দেশে পাওয়া রিপোর্টে সাম্প্রতিক প্রাদুর্ভাবগুলি অস্বাভাবিক, কারণ সেগুলি দেশগুলোর স্থানীয় কোন রোগ নয়।
ইটালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে বিরল এ রোগটির সংক্রমণ নিশ্চিত করা হয়েছিল। মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়।
রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংস পেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপশি শরীরে দেখা দেয় ফোস্কা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে হাতের তালু ও পায়ের তলা।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়, এটি একটি বিরল সংক্রমণ যা সাধারণত অন্যান্যদের তুলনায় সামান্য ক্ষতিকর। ফলে বেশিরভাগ মানুষকে কয়েক সপ্তাহের মধ্যে সারিয়ে তোলা সম্ভব। ভাইরাসটি সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে না ও জনসাধারণের জন্য কম ঝুঁকিপূর্ণ।


