
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার উত্তেজনার মধ্যে এবার ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।
২১ মে (শনিবার) একথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
তাদের দাবি, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সরবরাহ করা গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করুক। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে এই শর্ত দেওয়া শুরু করে মস্কো। তবে ফিনল্যান্ড তা মানতে অস্বীকৃতি জানায়।
ফিনল্যান্ড গ্যাসগ্রিড বলেছে, ইমাত্রা প্রবেশ পথ দিয়ে গ্যাস রপ্তানি বন্ধ করা হয়েছে। এই ইমাত্রা শহর দিয়েই রাশিয়ার সরবরাহ করা গ্যাস ফিনল্যান্ডে প্রবেশ করে।
গ্যাসামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা ইউলজানেন বলেন, আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।
এর আগে গত মাসে একই কারণে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। দেশদুটিও গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানায়।



