
অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন শুরু হয়েছে আজ। শনিবার (২১ মে) স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১ কোটি ৭০ লাখের বেশি অস্ট্রেলীয় নাগরিক ভোট দিতে নিবন্ধন করেছেন।
প্রধানমন্ত্রী স্কট মরিসন আরো তিন বছর মেয়াদে ক্ষমতায় থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বিরোধী লেবার নেতা অ্যান্থনি আলবানিজকে মোকাবেলা করছেন। আলবানিজ ২০১৯ সালে বিল শর্টনের পদত্যাগের পর থেকে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন।
নির্বাচনের আগে শেষ মুহূর্তে লেবারপার্টি ২ পয়েন্টে এগিয়ে ছিল। তাদের জনসমর্থন ছিল ৪৮ শতাংশ আর জোটের সমর্থন ৪৬ শতাংশ। কোনো সিদ্ধান্ত নেয়নি এমন ভোটারের সংখ্যা ছিল ৭ শতাংশ।
মরিসন প্রচারণাকালে এক ভিডিওতে দাবি করেছেন, তার সরকার সফলভাবে কোভিড-১৯ মোকাবেলা করেছে।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা আলবানিজও একটি ভালো ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি লেবারকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ও অস্ট্রেলিয়ার ৩১ তম প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


