
বাংলাদেশি এক তরুণীকে ভারতের বেঙ্গালুরুতে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ৯ বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শুক্রবার (২০ মে) এই রায় দিয়েছেন বেঙ্গালুরুর আদালত।
এর আগে গত বছরের ২৭ মে ২২ বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে। আর এই ধর্ষণ মামলার ঘটনায় শুক্রবার (২০ মে) আদালতের রায়ে চাঁদ মিয়া, মোহাম্মদ রিফাকদুল ইসলাম, মোহাম্মদ আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মোহাম্মদ বাবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেনসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া তানিয়া খানকে ২০ বছর এবং মোহাম্মদ জামালকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর এ ঘটনায় আরও দুই নারী আসামিকে ৯ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
ধর্ষণের এ ঘটনায় ভুক্তভোগীসহ অভিযুক্তরা বাংলাদেশি নাগরিক। তারা ভারতে প্রবেশ করে অবৈধভাবে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন।
ধর্ষণের এ ঘটনার মামলায় একজন ভারতীয়কেও আসামি করা হয়েছিল। কিন্তু তাকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন দেশটির আদালত। আর এ ঘটনায় ২৮ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং ৩ মাসে বিচারকার্য সম্পন্ন করা হয়।
আলোচিত এ ঘটনার ভিডিও প্রথমে বাংলাদেশে ভাইরাল হয়। এরপর ভারতের বেঙ্গালুরুতে এ অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রমাণিত হয়। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারা এবং অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের পাশাপাশি ফরেনার্স অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত ১২ জনের মধ্যে ১১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।



