
স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। এক দশক পর অস্ট্রেলিয়ায় আবারও সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি।
স্থানীয় সময় শনিবার (২১ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি।
জাতীয় নির্বাচনে নিজে পরাজয় স্বীকার করে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্কট মরিসন।
স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন জয় পেয়েছে ৫২ টি আসনে এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনে জয় না পেলে লেবার পার্টিকে দেশটির অন্যান্য স্বতন্ত্র এবং ছোট ছোট দলগুলোর সঙ্গে জোট গড়তে হবে। আংশিক ফলাফলে দেখা গেছে, মরিসনের লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন পশ্চিম অস্ট্রেলিয়ার ভোটারদের ভোট পাননি এবং বিশেষ করে দেশটির ধনাঢ্য শহরগুলোতে এই জোট থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন।



